২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার’ ৪ দিন পর গুলিবিদ্ধ লাশ

যশোরের মণিরামপুরে পুলিশ নয় মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে, যাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত শনিবার বাড়ি থেকে তুলে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 12:46 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

নিহত মোক্তার হোসেন (৪২) ওই উপজেলার রতনদিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, বুধবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার হানুয়ার মোড় থেকে লাশটি উদ্ধার করে তারা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান তারা।  

মোক্তারের মাথা ও বুকে গুলির চিহ্ন থাকার কথা জানালেও কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কারা তাকে গুলি করেছে- এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

এদিকে মোক্তারের বাবা বলছেন, চার দিন আগে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

“এরপর থেকে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমরা থানায় গিয়ে খোঁজ করলে পুলিশ বলেছে, তারা কিছু জানে না।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি মোকাররম বলেন, “পুলিশ মোক্তারকে আটক করেনি। হয়ত পূর্ব বিরোধের জেরে কেউ তাকে হত্যা করেছে।”