জয়পুরহাটে রিকশাচালক খুন
জয়পুরহাট শহরে বাকবিতণ্ডার মধ্যে এক রিকশাচালকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
শহরের কালী মন্দির এলাকায় মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান।
নিহত সন্তু কুমার দাস (২২) শহরের কণ্ডুপাড়া এলাকার রঘুনাথ দাসের ছেলে। তিনি এলাকায় রিকশা চালাতেন।
আটক জয় হরিজন (২৩) শহরের রেলবস্তির সুইপার কলোনির ভাদু হরিজনের ছেলে।
ওসি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সুইপার কলোনি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন সন্তু। পথে কালী মন্দির এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে তার কথাকাটি হয়।
“এক পর্যায়ে তারা সন্তুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।পরে এ ঘটনায় জড়িত সন্দেহে জয় হরিজনকে আটক করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
