কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়া মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে মিরপুর স্টেশনের কাছে জিকে খাল রেলসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে পোড়াদহ রেলওয়ে থানার ওসি মোল্লা আফজাল হোসেন জানান।
নিহত আজিবর মন্ডল (৭০) উপজেলার কচুয়াদহ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিবর মন্ডল রেলসেতুর ওপর দিয়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় সেতুর মাঝামাঝি অবস্থায় ট্রেন এসে পড়লে তার আঘাতে ওই বৃদ্ধের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আফজাল বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
