ময়মনসিংহে চাঁদাবাজির সময় অস্ত্রসহ আটক ৪
ময়মনসিংহে এক ফার্মেসিতে চাঁদাবাজি করার সময় অস্ত্রসহ চার যুবক আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার শহরতলীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানাতে পারেননি তিনি।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি খেলনা পিস্তল পাওয়া গেছে।
ওসি বলেন, বৃহস্পতিবার সকালে শাওন নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন শম্ভূগঞ্জ বাজারে একটি ফার্মেসিতে গিয়ে অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে। বিকালে গিয়ে আবার চাঁদা চায়।
“এসময় স্থানীয়রা ধাওয়া দিলে তারা দৌড়ে ময়লাকান্দা এলাকার একটি বাড়িতে ঢোকে। তখন স্থানীয়রা বাড়িটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়।”
পুলিশ গিয়ে অস্ত্রসহ তাদের আটক করে বলে জানান তিনি।
