কেন্দ্রে ফল প্রকাশ চান বিএনপির মেয়র প্রার্থী হাসান
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনার পর প্রতিকেন্দ্রে ফল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. হাসান উদ্দিন সরকার।
তিনি সোমবার দুপুরে গাজীপুরে সুজন আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, তাদের নেতাকর্মীকে প্রচারে বাধাগ্রস্ত করা হচ্ছে। পুলিশ তাদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।
২০ দলীয় জোটের নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচার কাজে গেলে সম্প্রতি পুলিশ মিথ্যা অভিযোগ এনে তাদের গ্রেপ্তার ও মামলা করে কারাগারে পাঠিয়েছে বলে হাসান অভিযেগ করেন।
তিনি গাজীপুরের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
এ সময় তার সঙ্গে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী মো. মাজহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হাসান উদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল বলেন, প্রতি কেন্দ্রে ভোট গণনার পর রেজাল্ট শিটে প্রতি প্রার্থীর এজেন্টের সই নিয়ে তা রিটার্নিং অফিসে পাঠানো হয়। সেখানে ফল কারচুপির আর কোনো সুযোগ থাকে না।
