২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজিনার দাফন হলো ময়মনসিংহে

রাজধানীর বনানীতে পা হারানোর পর প্রাণ হারানো রোজিনা আক্তারের দাফন হয়েছে ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 10:02 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

রোববার রাতে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের গুনাপাড়া গ্রামে তাকে দাফন করা হয় বলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধা জানিয়েছেন।

এর আগে রাত পৌনে ৯টার দিকে স্থানীয়ভাবে তার নামাজে জানাজা হয়।

২১ বছর বয়সী রোজিনা গত ২০ এপ্রিল রাতে ঢাকার বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রোববার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।

চেয়ারম্যান মজনু মৃধা বলেন, সন্ধ্যা ৬টার দিকে রোজিনার লাশ গ্রামের বাড়ি গুনাপাড়ায় পৌঁছে। তাকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই তার বাড়িতে ভিড় জমায় আত্মীয়-স্বজনসহ এলাকার সাধারণ মানুষ।

রসুল মিয়া ও রাবেয়া খাতুনের সাত ছেলে-মেয়ের মধ্যে রোজিনা আক্তার ছিলেন দ্বিতীয়। দিনমুজুর বাবার পাশাপাশি সংসারের হাল ধরার জন্য প্রায় ১০ বছর আগে ঢাকায় গিয়েছিলেন রোজিনা। সেখানে সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় থাকতেন তিনি।

রসুল মিয়া বলেন, “মেয়ে কাজ করে সংসারে সহায়তা করত। আজ মেয়ে নেই। অভাবের সংসারে সরকার সহযোগিতা করলে আমরা বেঁচে থাকতে পারব।”