ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ আহত
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় আসামি ধরতে গিয়ে হামলায় এক এএসআই আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পৌরসভার কাউন্সিলর ফরিদের ছোট ভাই জাহিদ ও তার সহযোগীরা এই হামলা চালান বলে বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে এএসআইসহ কয়েকজন পুলিশ মাদক পাচার হবে এমন খবর পেয়ে অভিযান চালায়।
“চিহ্নিত মাদক বিক্রেতা জাহিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এএসআই সিন্ধু বিশ্বাস তাকে জাপটে ধরেন। জাহিদ কাছে থাকা ছুরি দিয়ে সিন্ধুকে আঘাত করে পালিয়ে যান।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, “জাহিদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আহত এএসআইকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
