নীলফামারীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১
নীলফামারীর সৈয়দপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে আপত্তিকর ছবি ধারণসহ দলবেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন বলে সৈয়দপুর থানার পরির্দশক মো. শাহজাহান পাশা জানান।
মামলার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় একই এলাকার নূর ইসলামের ছেলে মিঠু (২৬), কামরুল হকের ছেলে বাপ্পি (২৪) ও দুই কিশোর ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়।
“পরে একই এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ছবি ধারণ করে এবং ধারণকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।”
এদিকে ওই ছাত্রীর খুঁজে না পেয়ে পরিবারের সদস্যসহ এলাকাবাসী মহল্লার বিভিন্ন স্থানে খোঁজ শুরু করলে মেয়েটি সেখানে রেখে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসীর সহযোগিতায় নির্জন বাড়ি থেকে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় তার পরিবার উদ্ধার করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরির্দশক শাহজাহান বলেন, মামলার পর অভিযান চালিয়ে জড়িত এক কিশোরকে (১৭) আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
