২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঁচাত্তরের পর কবি নজরুলকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়: নূর

পঁচাত্তরের পর অসাম্প্রদায়িক কবি কাজী নজরুল ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 10:44 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

শনিবার রাতে নীলফামারীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি, তার লেখায় ছিল অসাম্প্রদায়িকতা।

“১৯৭৫ সালে ক্ষমতার পট পরিবর্তনের পর জাতীয় কবি নজরুল ইসলামকে ইসলামিক কবি বলে বিকৃত করে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু তিনি তো মুসলমানদেরই কবি ছিলেন না। তিনি ছিলেন মানুষের কবি, অসাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িকতার কবি।”

নজরুলের চিন্তা-ভাবনা, দর্শণ ধারণ করতে না পারলে জাতি দিগভ্রষ্ট হবে বলে মনে করেন তিনি।

তাই মেধা তৈরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অনুসরণ করার আহ্বান জানান নূর।

তিনি বলেন, “১৯৭২ সালে বঙ্গবন্ধু অসুস্থ নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন কোনো করুনা করে নয়, অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে। তাকে আমরা জাতীয় কবির সম্মানে অধিষ্ঠিত করেছি।”

কিন্তু এখন সবকিছু আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা তার জন্মদিনে সমাধিতে যাই, ফুল দেই, কিছু অনুষ্ঠান হয়, সেখানে বড় বড় শিল্পীরা গান করেন, ছোট বাচ্চাদের দুই একটা কবিতা পড়ানো হয়। এভাবে নজরুল আটকে গেছেন।”

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভ্ঞূা, সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধণ, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম  মঞ্জিল প্রমুখ।

সম্মেলনের সমাপণী দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সন্ধ্যা ৬টার দিকে। এ সময় অনুষ্ঠিত হয় ‘বিদ্রোহী কবি ও বঙ্গবন্ধু’শীর্ষক আলোচনা।

মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম। বিষয়ের উপর আলোচনা করেন সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমির আলী আল আজাদ ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুল হাসান চৌধুরী।

এরপর কবি নজরুল ইনস্টিটিউটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

একক সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, শহীদ কবীর পলাশসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

আবৃতি করবেন শাহাদাৎ হোসেন নিপু। নৃত্য, দলীয় সংগীত ছাড়াও পরিবেশিত হয় ঢাকা আর্ট থিয়েটারের পরিবেশনায় নাটক ‘পুতুলের বিয়ে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি রেজাউদ্দিন স্টালিন।

নজরুল ইনস্টিটিউট ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৯ এপ্রিল নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নজরুল সম্মেলন-২০১৮ এর উদ্বোধন করেন কবি নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজী।