আশুলিয়ায় ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৩
আশুলিয়ার একটি বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন; আহত হয়েছেন পাশের বাসার চারজন।
আশুলিয়া থানার এসআই রুহুল আমীন জানান, রোববার ভোর ৫টার দিকে ভাদাইল এলাকায় শেখ মোহাব্বত আলীর মালিকানাধীন দোতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
গ্যাস লাইনের ত্রুটি থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকারীরা।
আহতরা হলেন- আলমগীর হোসেন, তার স্ত্রী আফরোজা বেগম ও তাদের ১৪ বছর বয়সী ছেলে আলামীন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিস্ফোরণের কারণ জানতে চাইলে এসআই রুহুল বলেন, ওই বাসায় একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেলেও সেটি অক্ষত অবস্থায় আছে। গ্যাসের সরবরাহ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
হাসপাতালে চিকিৎসাধান আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে তার স্ত্রী রান্নাঘরে চুলা ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
নিরাপত্তার কারণে ভবনের অন্য বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়েছে বলে জানান তিনি।
