রথীশ হত্যা: দীপার জবানবন্দি, কামরুল রিমান্ডে
রংপুরের আইনজীবী রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী সিগ্ধা সরকার দীপা।
এদিকে দীপার সহকর্মী শিক্ষক কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
রংপুরের তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপার সঙ্গে সহকর্মী কামরুলের ‘পরকীয়া সম্পর্কের’ জের ধরে রথীশকে হত্যা করা হয় বলে র্যাব জানিয়েছে।
সোমবার কামরুলকে এবং মঙ্গলবার রাতে দীপাকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কামরুলের ভাইয়ের নির্মাণাধীন বাড়ি থেকে রথীশের লাশ উদ্ধার করা হয়।
তাজহাটের ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথীশ।
রথীশ নিখোঁজ হওয়ার পরদিন ১ এপ্রিল তার ছোট ভাই সুশান্ত ভৌমিক অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন। মঙ্গলবার রাতে লাশ উদ্ধারের পর তা হত্যামামলায় পরিণত হয়।
ওই মামলায় রথীশের স্ত্রী দীপা, তার ‘প্রেমিক’ কামরুল, রথীশের সহকারী মিলন মহন্ত এবং তাজহাট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কামরুলকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার এসআই আল আমীন।
শুনানি শেষে রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরিফা ইয়াসমিন মুক্তা ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দীপার সহকর্মী কামরুল ইসলাম
দীপা ও দুই স্কুলছাত্র রাতে হাকিম আরিফা ইয়াসমিন মুক্তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান এসআই আল আমীন।
তিনি সাংবাদিকদের বলেন, “১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে দীপা ভৌমিক তার স্বামীকে হত্যার হত্যার দায় স্বীকার করেন এবং তার স্কুলের সহকর্মী কামরুলের ইসলামের সঙ্গে পরকীয়ার কথাও স্বীকার করেন।”
তদন্ত কর্মকর্তা বলেন, দুই কিশোর তাদের জবানবন্দিতে শিক্ষক কামরুলের নির্দেশে তার ভাইয়ের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে গর্ত খোঁড়ার কথা স্বীকার করেন। ওই গর্তেই রথীশের মাটিচাপা দেওয়া লাশ পাওয়া গিয়েছিল।
আলাদাভাবে জবানবন্দি নেওয়ার পর দীপা ও দুই কিশোরকে কারাগারে পাঠিয়ে দেন হাকিম মুক্তা।
গত ৩০ মার্চ সকাল থেকে রথীশের সন্ধান মিলছিল না বলে তার স্ত্রী জানালে তা নিয়ে শুরু হয় তোলপাড়। সন্দেহ করা হচ্ছিল, জঙ্গি কিংবা জামায়াতে ইসলামীর হাত রয়েছে এতে।
রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথীশ জাপানি নাগরিক কুনিও হোশি এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায়ও সাক্ষ্য দেন তিনি।
রথীশচন্দ্র ভৌমিক
র্যাব বলছে, ‘পরকীয়ার’ জেরে স্ত্রী দীপা ও কামরুল পরিকল্পিতভাবে ২৯ মার্চ রাতে রথীশের শোবার ঘরে তাকে চেতনানাশক বড়ি খাওয়ানোর পর অচেতন হন রথীশ। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ সরিয়ে নিয়ে বালুচাপা দেওয়া হয়।
রথীশের ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক মোহাম্মদ কফিল উদ্দিন আকাশ বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তাকে দিয়েছেন।
ডা. কফিল সাংবাদিকদের বলেন, “রথীশচন্দ্রকে চেতনানাশক বড়ি খাওয়ানোর পর তিনি অচেতন হয়ে গেলে শ্বাসরোধে হত্যা করা হয়। তার গলায় দাগ ছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশেও জখমের চিহ্ন পাওয়া গেছে।”
