২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকলের জ্বলন্ত ছাইয়ে পড়ে প্রাণ গেল গৃহবধূর

নওগাঁয় চালকলের বয়লারের জ্বলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ হওয়ার ১৪ দিন পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 11:45 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৌরী রানী মহন্তের মৃত্যু হয়।

গৌরী নওগাঁর মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকার বাসিন্দা দৈনিক ভোরের কাগজ ও চাঁদনি বাজার পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি গৌতম কুমার মহন্তের মেয়ে।

গৌতম কুমার বলেন, গত ২০ মার্চ সকালে গৌরী মহাদেবপুর সদর থেকে বাবার বাড়ি কুঞ্জবন আসছিলেন। বাড়ির কাছে রাস্তার পাশে জিল্লুর রহমানের ‘তানজিনা রাইস মিলের’ স্তূপ করে রাখা বয়লারের ছাইয়ের ভেতর পা পিছলে পড়ে যান গৌরী।

“এতে তার শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে যায়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।”

বুধবার দুপুরে আত্রাই নদীর ঘাট শশ্মানে তার মৃতদেহের সৎকার সংকার করা হয়েছে।

গৌতম কুমার বলেন, “মহাদেবপুরে প্রায় সাড়ে চারশ চাতাল (বয়লার) রয়েছে। তারা কেউই নিয়ম মানে না। যত্রযত্র বয়লারের ছাই ফেলে রাখে। এই ছাইয়ে এলাকায় হাজার মানুষের চোখের সমস্যা হচ্ছে “

মহাদেবপুর চালকল মালিক গ্রুপের সাবেক সভাপতি আব্দুল জব্বার বলেন, “এ ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত। ভবিষ্যতে এ সব ঘটনা যেন না সেজন্য সকল রাইচ মিল মালিকদের নিয়ে জরুরি  সভা আহবান করা হয়েছে। এ ছাড়া মৃত গৌরীর চিকিৎসা খরচ ও তার সন্তানের জন্য মিল মালিকরা কিছু অনুদান দেবেন।”

মহাদেবপুর উপজেলা নিবার্হী অফিসার মোবারক হোসেন বলেন, ভবিষ্যতে আর যেন এ ধরনের প্রাণহানি না ঘটে এবং জনসাধারণের যাতে ক্ষতি না হয় এজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।