বগুড়া পাসপোর্ট অফিস খুললেও অচলাবস্থা কাটেনি
টানা ছয় দিন বন্ধ থাকার পর বগুড়া পাসপোর্ট অফিস খুলেছে। তবে সহকারী পরিচালক যোগদান না করায় অচলাবস্থা এখনও কাটেনি।
এ কারণে পাসপোর্ট করতে আসা এবং নতুন পাসপোর্ট সংগ্রহে আসা মানুষ বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবিরের উপর হামলার পর এ অফিস অচল হয়ে পড়ে।
বুধবার সরেজমিনে বগুড়ার খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে দেখা যায়, লোকজনের জটলা। তাদের কেউ কেউ পাসপোর্ট করতে এসেছে; কেউবা পাসপোর্ট ডেলিভারি নিতে এসেছে। মূল ফটক বন্ধ দেখা যায়।
সেখানে ধুনট উপজেলার বাসিন্দা আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।
তিনি বলেন, গত রোববার থেকে তিনি ঘুরছেন। কিন্তু পাসপোর্ট অফিসের গেট বন্ধ থাকায় এবং বাইরে পাসপোর্ট অফিস বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ায় বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যাবেন; কিন্তু অফিসের কার্যক্রম বন্ধ থাকায় পাসপোর্ট করতে পারছেন না।
গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, এবার তিনি হজে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। ৫ এপ্রিল পাসপোর্ট জমা দিয়ে টাকা দিতে না পারলে এবার তার হজে যাওয়া হবে না।
তিনি গত রোববার থেকে প্রতিদিনই এসে ফিরে যাচ্ছেন বলে জানান।
শাজাহানপুর উপজেলার বেজোড়ার রেজাউল করিম বলেন, তার পাসপোর্টটি তৈরি হওয়ার কথা। তিনি চাকরি নিয়ে সিঙ্গাপুরে যাবেন; কিন্তু পাসপোর্ট না পাওয়ায় ভিসা করতে পারছেন না। প্রতিদিন আসছেন আর ফিরে যাচ্ছেন।
এমনি আরও অনেকেই তাদের ক্ষোভের কথা জানালেন।
বেলা ১১টায় জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী পাসপোর্ট অফিসে আসেন। কর্মচারীদের নিয়ে তাদের সমস্যার বিষয়ে কথা বলেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অফিসের প্রাথমিক কাজ শুরু করতে বলেন।
অফিস সহকারী নাজমুল হাসান বলেন, প্রতিদিন গড়ে বগুড়ায় ১০০ থেকে ১৫০ জন পাসপোর্ট করতে আসে। কিন্তু গত কয়েকদিন বন্ধ থাকায় তাদের আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি। আজ শুরু আবেদন গ্রহণ করা ও ফিঙ্গার প্রিন্টের কাজ শুরু হয়েছে।
“সহকারী পরিচালক না থাকায় ৭০০ জমাকৃত পাসপোর্ট ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি। সেই সাথে নতুন বইয়ের জন্য কাগজপত্র ঢাকাতেও পাঠান সম্ভব হয়নি।”
তিনি বলেন, সহকারী পরিচালকের উপর হামলার ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন আরেক অফিস সাহকারী শাজেনুর আলম। তিনিও সন্ত্রাসীদের ভয়ে অফিসে আসেননি।
জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন দ্রুত নতুন সহকারী পরিচালক শরিফুল ইসলাম যোগদান করবেন। তিনি সুনামগঞ্জ থেকে বগুড়ায় আসছেন।
সন্ত্রাসী ঘটনার পর অন্য একজনকে এখানে পোস্টিং দিলেও তিনি বগুড়ায় যোগদান করেননি বলে নাজমুল জানান।
জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী বলেন, সকালে পাসপোর্ট অফিসে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলি। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জনগণের সুবিধার্থে প্রাথমিক কাজ শুরু করার কথা বললে কর্মচারীরা কাজ শুরু করেন।
দ্রুততম সময়ে নতুন সহকারী পরিচালক যোগদান করবেন বলে তিনি আশা করেন।
সন্ত্রাসী ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বগুড়া পাসপোর্ট অফিসের অফিস সহকারী শাজেনুর আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। ওই মামলায় বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমানসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
