নওগাঁয় ২ জেএমবি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
নওগাঁ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। একজনের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে সান্তাহার রেলস্টেশন এবং নওগাঁ নিয়ামতপুর উপজেলার বালিচাদ গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন নওগাঁর মান্দা উপজেলার বানেশ্বর গ্রামের রফিক উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২৫) এবং নিয়ামতপুর উপজেলার চককিচক গ্রামের রোস্তম আলীর ছেলে জামিলুর (৩৮)।
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সান্তাহার রেলস্টেশন থেকে প্রথমে মোশাররফকে গ্রেপ্তার করা হয়।
“পরে মোশাররফের ওেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই নিয়ামতপুরের বালিচাদ গ্রামে শ্বশুরবাড়ি থেকে জামিলুরকে গ্রেপ্তার করা হয়।”
জামিলুরের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানান নুরে আলেম।
তিনি আরও বলেন, জামিলুর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলার এবং মোশাররফ মান্দা উপজেলার দায়িত্বপ্রপ্ত এহসার সদস্য।
বগুড়ার গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ আহম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নেয়ামতপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি নুরে আলম।
