২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পাসপোর্ট কর্মকর্তার উপর হামলায় গ্রেপ্তার ৫

বগুড়া পাসপোর্ট অফিসের এক কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সির এক যুবলীগ নেতাসহ পাঁচ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 06:59 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে বগুড়া পাসপোর্ট অফিসের অফিস সহকারী শাজেনুর আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় ১১ জনকে আসামি করে মামলা করেছেন।

এছাড়া অজ্ঞাত পরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয় বলে তিনি জানান।

শুক্রবার বিকালে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সংবাদ সম্মেলনে জানান, রাতেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে এবং শুক্রবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া সাতকুড়ি বাজার থেকে বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শহর যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাকিম রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ায় গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদরের মালগ্রামের রমজান আলীর ছেলে হাসান আলী (২৬), ঠনঠনিয়া হিন্দুপাড়ার আব্দুল কাদেরের ছেলে জীবন (২১), ঠনঠনিয়া মধ্যপাড়ার মৃত আবু তালেবের ছেলে রাসেল মিয়া (৩০) এবং মিলু।  

বৃহস্পতিবার দুপুরে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাজাহান কবিরকে কুপিয়ে জখম করে একদল হামলাকারী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ বলেন, কাউন্সিলর মোস্তাকিম দিনাজপুর হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সংবাদ পেয়ে দিনাজপুরের পুলিশকে বিষয়টি জানানো হলে তারা তাকে নজরদারিতে রাখে। পরে পুলিশ সদরদপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তাকিমের বিরুদ্ধে এর আগেরও হত্যা মামলাসহ চারটি মামলা আছে বলে জানান তিনি।

বগুড়া জেরা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, “কোনো অপরাধীর স্থান যুবলীগে হবে না। মোস্তাকিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।”

হামলায় আহত সাজাহান কবিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। সেখানে স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে ভর্তি করা হয়।

সাজাহান কবিরের স্ত্রী নাহিদ কবির জানান, ওই হাসপাতালে রাত ২টা পর্যন্ত অপারেশন চলে। ৭২ ঘণ্টা পর্যন্ত তাকে নিবিড় পর্যক্ষেণে রাখা হয়েছে।

ওই সময়ের মধ্যে কোনো ইনফেকশন না হলে তিনি বিপদমুক্ত হবেন। ডাক্তাররা তাকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানান নাহিদ।