বাগেরহাটে বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ১৩
কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসে বাগেরহাটে ডাকাতি হয়েছে।
খুলনার সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক জানান, বাগেরহাটের বারাকপুর শ্রীঘাট এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, যাত্রীবেশে ওঠা ডাকাতরা ১৩ জনকে কুপিয়ে জখম করে তাদের সর্বস্ব লুট করে নিয়েছে। আহত আটজনকে ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ডাকাতির শিকার যাত্রী আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টায় কুয়াকাটা এক্সপ্রেস পটুয়াখালীর কুয়াকাটা থেকে বেনাপোলের উদ্দেশে রওনা হয়।
“রাত আড়াইটার দিকে ১০ জন যাত্রীবেশী ডাকাত হঠাৎ ছুরিসহ আগ্নেয়াস্ত্র নিয়ে লুটপাট শুরু করে। তারা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সকল মালামাল লুটে নেয়। তাদের ছুরিকাঘাতে চালক ও সহকারীসহ ১৩ জন আহত হন। গাড়িতে বেশ কজন অসুস্থ যাত্রী ছিলেন, যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন।”
তিনি বলেন, “তারা গাড়ির চালককে চড়-থাপড় মারে। প্রথমে সবাই ভেবেছিল খারাপ চালাচ্ছে বলে হয়ত তাকে মারছে। পরে ডাকাতরা সবার কাছে যা ছিল সব একে একে বের করতে বলে। এ সময় তারা গাড়ির ভেতরে লাইট কিংবা টর্চলাইট কিছুই জ্বালাতে দেয়নি।”
সহকারী জামির হোসেন বলেন, “পিরোজপুর থেকে যাত্রীবেসে যে ১০ ডাকাত গাড়িতে ওঠে তাদের সবার অনলাইনে টিকিট বুকিং ছিল। ডাকাতির পর তারা নেমে গেলে একটি ছোট পিকআপ তাদের তুলে নিয়ে দ্রুত বাগেরহাটের দিকে চলে যায়।”
কুয়াকাটা এক্সপ্রেসের খুলনা কাউন্টারের প্রতিনিধি মো. আনাস ডাকাতির পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বলেন, “যাত্রীরা সুস্থ হয়ে যে যেখানে যেতে চায় সেখানে পৌঁছে দেওয়া হবে।”
সোনাডাঙ্গা থানার পুলিশ চিকিৎসাধীন যাত্রীদের নিয়মিত খোঁজখবর রাখছে বলে জানিয়েছেন ওসি মমতাজুল হক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবু সুফিয়ান রুস্তম বলেন, আহতরা আশংকামুক্ত। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
