মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ১২ ঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগুন লেগে ১২টি ঘর পুড়ে গেছে।
উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান মতিন হাওলাদার জানান।
মতিন বলেন, “প্রথমে লাকরি রাখার একটি ঘরে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়লে সোবাহান দেওয়ান, কামাল দেওয়ান, হোসেন দেওয়ান, মোতাহার শেখ, মোসলেম শেখ এবং রোমান শেখের ঘরসহ ১২টি ঘর পুড়ে যায়।”
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান জানান, আগুন নেভাতে গিয়ে এবং মালামাল সড়াতে গিয়ে এক নারীসহ আটজন আহত হন।
তাদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য ঢাকায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
