জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন - উপজেলার রুকিন্দীপুর ফকিরপাড়ার লোকমান হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী মনি আক্তার (২০)।
আক্কেলপুর থানার এসআই গোলাম মোস্তফা প্রাথমিক তদন্তের বরাতে বলেন, তারা পৃথকভাবে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বছর দেড়েক আগে বিয়ের পর থেকে এই তরুণ দম্পতির মধ্যে দৃশ্যমান কোনো দ্বন্দ্ব দেখা যায়নি বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন, “তাদের মধ্যে কোনো দিন ঝগড়া-বিবাদ দেখিনি। বুধবার দুপুরে সাইফুল তার স্ত্রীকে খাইয়ে দেওয়ার সময় প্রতিবেশীরা দেখে মজাও করেন।
“তবে বিকালে কিঞ্চিৎ কথা কাটাকাটি হয়। তারপর সন্ধ্যায় সাইফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী মনি আমাদের জানান। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে মনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি।”
বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি গাছে এলাকাবাসী মনির ঝুলন্ত লাশ দেখতে পায় বলে জানান আনোয়ার।
এসআই মোস্তফা বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনা তদন্ত করছে।
লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
