২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ’বয়কট’

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 07:31 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

সোমবার সকালে অনুষ্ঠান শুরু পর তা বয়কট করে তারা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে অবস্থান নেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া জানান, সকালে অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তার পাশে মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়নি।

“এছাড়া প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ তার বক্তব্যে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধাদের ভূমিকা এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ না করায় তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।”

পরে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তাদেরকে অনুষ্ঠানস্থলে ফিরিয়ে আনা হলেও সেখানে তারা বেশিক্ষণ অবস্থান করেননি বলে জানান এ মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, পরে একইস্থানে আরেক সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আগে মোয়াজ্জেম হোসেন পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে গিয়ে ক্ষমা চেয়ে তাদের অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদসহ উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মো. মোয়াজ্জেম হোসেন পলাশ বলেন, মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হলেও পরে তা মিটমাট হয়ে গেছে।