যশোরে ট্রাকচাপায় ৪ অটো আরোহী নিহত
যশোরের শার্শায় ট্রাক চাপায় নারী ও শিশুসহ চার অটোরিকশা আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন তিন জন।
রোববার বিকালে উপজেলার হাড়িখালি বাসস্ট্যান্ডে নাভারন-সাতক্ষীরা সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে নাভারন হাইওয়ে পুলিশের এসআই পলিটন মিয়া জানান।
নিহতরা হলেন অটোরিকশা চালক বাগআচড়ার আব্দুল ওহাবের ছেলে নজরুল ইসলাম (৪৫), যাত্রী উপজেলার যাদবপুরের হোসেন আলির ছেলে আলমগীর হোসেন (৩৪) ও বেনাপোলের ছোটআচড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী রোকসানা খাতুন (৩৩) ও ছেলে সুমন (৫)।
আহতরা হলেন অংকন (৮), আমেনা খাতুন (৩৫) ও তার মেয়ে শারমিন আক্তার (১৩)। তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই পলিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাভারন মোড় থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বাগআচড়া যাচ্ছিল। পথে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিলে অটোর সাত আরোহী গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
