কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং মধুরছড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান।
গ্রেপ্তাররা হলেন আনোয়ার ইসলাম (২৮), নুরুল বশর (৩০) ও জসিম উদ্দিন (৩৩)।
এদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে উখিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাব কমান্ডার।
মেজর রুহুল বলেন, ডাকাতির পরিকল্পনায় কুতুপালং মধুরছড়া পাহাড়ি এলাকায় অস্ত্র মজুদের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় তারা একটি বাড়ি ঘিরে ফেললে সন্দেহভাজন কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে।
“পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুসারে বাড়িটিতে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি ১১টি বন্দুক ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।”
এ ঘটনায় মামলা করে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
