নাসিরনগরে ভোট বর্জনের ঘোষণা জাপা প্রার্থীর
প্রতিপক্ষের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের উপ- নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ান আহমেদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নাসিরনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলের, সকালে নির্বাচন সুষ্ঠু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তায় কেন্দ্রগুলি দখল করে নেওয়া হয়।
“কয়েকটি কেন্দ্র ছাড়া প্রায় সবকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে ভোট কেটে নেওয়া হয়। ব্যালট পেপার আটক করে পুলিশের কাছে দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।”
তিনি বলেন, ১২টার মধ্যে ৩৪টি কেন্দ্র দখল করে নেয় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। আর বিকাল ৩টার মধ্য কয়েকটি কেন্দ্র ছাড়া সবগুলো কেন্দ্র দথল করে নেয় তারা।
“আর ভোটাররা ভোট দিতে আসলে হুমকি ধামকি এবং মামলা ভয় দেখিয়ে তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়।”
তিনি এ ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন শূন্য হয়।
এ আসনে উপনির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির রেজোওয়ান আহমেদ, আওয়ামী লীগের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ও ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মুহা. আশরাফুল হক।
মঙ্গলবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে ৪টায় শেষ হয়।
