২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কিষানিদের হাট

নিজেদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে ঝিনাইদহে হাট বসালেন স্থানীয় নারীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 06:57 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

কয়েকটি নারী সংগঠনের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশত কিষানি সবজিসহ রকমারি কৃষিপণ্য নিয়ে জেলা শহরের পায়রা চত্বরে শনিবার সকালে এ হাট বসান।

ওয়েলফেয়ার অ্যাফোর্টস নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফা থাতুন এই হাটের আয়োজকদের একজন।

তিনি বলেন, কিষানিদের উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। তারা উৎসাহিত হয়েছেন। তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের হাট স্থায়ী করা দরকার।

হাটে উঠেছিল শাক-সবজি, ডিম, কুমড়াবড়ি, পেঁপে, কলা, লাউ, টমেটো, সজিনা, কলার মোচা, হলুদসহ বাড়িতে উৎপাদিত নানা পণ্য। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বিকিকিনি।

হাটে আসা রাধাকান্তপুর গ্রামের রেবা খাতুন বলেন, বাড়ির আশপাশের জমিতে লাগানো শাকসবজি, কলা, কচু, লাউ, শিম, কলার মোচা ও থোড় নিয়ে হাটে এসেছেন।

“গ্রামে এসব কৃষিপণ্য বিক্রির সুযোগ নেই। তাই শুধু একদিনের জন্য নয়, স্থায়ীভাবে নারীদের পণ্য বিক্রির হাট বসানো দরকার। তাহলে আমরা মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে পারি।”

এ হাট উদ্বোধনে পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা খান মো. মনিরুজ্জামন, মানবাধিকারকর্মী আমিনুর রহমান টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।