২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ভ্রাম্যমাণ আদালতে হামলা

ফেনীর মধুপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ভ্রাম্যমাণ আদালতে হামলা ও সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করেছে এলাকাবাসী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 06:29 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ফেনী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, সোমবার দুপুরে মধুপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ভাংচুরের এ ঘটনা ঘটে।

এসময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

সাইদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে মধুপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে।

“এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে তারা মহাসড়কে উঠে/৭টি গাড়ি ভাংচুর করে এবং অবরোধ করে রাখে। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”