বিএনপিকে নির্বাচন থেকে সরানোর খায়েশ নেই: কাদের
বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার কোনো ইচ্ছা সরকার বা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার গাজীপুরে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালতে তিনি জামিন পেতেও পারেন, নাও পেতে পারেন। উচ্চ আদালত তার সাজা বহাল রাখতেও পারে, তাকে ছেড়েও দিতে পারে।
“সেটা আমাদের বিষয় না। এখানে সরকারের পরিষ্কার বক্তব্য সরকার কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করবে না।”
‘আন্দোলনের পাঠ তাদের চুকে গেছে’ মন্তব্য করে তিনি বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, “নির্বাচন থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। তারা নির্বাচন করবে। একটা নিবন্ধিত দল; সে অধিকার তাদের আছে। বেগম জিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়টা আমাদের হাতে নেই। এটা লিগ্যাল ব্যাটল। লিগ্যাল ব্যাটলের মাধ্যমে খালেদা জিয়া বের হলে এখানে আমাদের কোনো বক্তব্য নেই।”
“তারা বেগম জিয়ার গ্রেপ্তারের পর ভেবেছিল বাংলাদেশ উত্তাল হবে; কিন্ত তাদের সে স্বপ্ল পূরণ হয়নি। তারা যদি মনে করে আন্দোলন করে খালেদা জিয়াকে বের করবেন সে আশার গুড়েবালি।”
আদালতের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সমাবেশ করে বিএনপি আদালত অবমাননা করছে, বলেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।
“তারা তো এটা পারে না। আদালতের রায়ে তাদের নেত্রী বেগম জিয়া দণ্ডিত হয়েছেন। আদালতের বিরুদ্ধে তো তারা আন্দোলন করতে পারে না। পুলিশের সাথে তারা সংঘাত করতে চান, রাস্তায় তারা অবস্থান করবেন, অনশন করবেন রাস্তা বন্ধ করে, এটা কি কোন আইন সিদ্ধ বিষয়? রাস্তা বন্ধ করে জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করলে এটা কি জনগণ সমর্থন করবে?”
রমজানের ঈদের আগে ৫০ কিলোমিটার ফোর লেন এখানে দৃশ্যমান হবে। আগামী রমজানের ঈদের সময় এবং ঈদের পরে এখানে আগের সেই অসহনীয় যানজট থাকবে না বলে আশ্বস্ত করেনকাদের।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
