২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বনের আগুন নিভেছে সাড়ে ৪ ঘণ্টা পর

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনের আগুন সাড়ে চার ঘণ্টার নেভানো হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 09:53 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস বিকাল সাড়ে ৬টার দিকে আগুন নিভিয়েছে।    

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনের ৪০টি স্থানে আগুন ধরে, যা নাশকতা বলে ধারণা প্রশাসনের।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগামীকাল সবকিছু খতিয়ে দেখা হবে।”

টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমে সংরক্ষিত ২৮ একরের এ বন সংলগ্ন রয়েছে ‘নয়াপাড়া’ ও ‘লেদা’ রোহিঙ্গা ক্যাম্প। এ দুই ক্যাম্প থেকে মিয়ানমার সীমান্তের দূরত্ব এক কিলোমিটার।

আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা বলেছিলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। বনের ৪০টি স্থানে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আগুন লাগার ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছেন তিনি।

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের মুখে গত বছরের অগাস্টের পর থেকে অন্তত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এবং বান্দরবান জেলায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। পাহাড়ি এলাকায় সরকারি জমিতেও ঘর বেঁধেছে অনেকে।

সম্প্রতি বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের সেনা সমাবেশ নিয়ে দুদেশের উত্তেজনার সৃষ্টি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠকে তা প্রশমিত হয়।   

পুরনো খবর:

টেকনাফে সংরক্ষিত বনের ৪০ জায়গায় আগুন