বেনাপোলে হুন্ডির টাকাসহ এক ব্যক্তি আটক
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামের ইছামতি নদীর পাড় থেকে টাকাসহ ৪০ বছর বয়সী মোস্তাক আলিকে আটক করা হয়।
মোস্তাক ওই গ্রামের তোরাব আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, ভারত থেকে হুন্ডির টাকার একটি বড় চালান নিয়ে আসছে খবরে বিজিবির একটি টহলদল সাদিপুর সীমান্তে অবস্থান নেয়। এ সময় ইছামতির পাড়ে সন্দেহজনক অবস্থায় তোরাবকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে ৩০ লাখ ৪৭ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
উদ্ধার করা টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
