০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় আগুন লেগে শিশু নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টি ঘর পুড়ে গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 09:45 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া গ্রামের সুমন শেখের বাড়িতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে।

“ঘরে আটকা পড়ে সুমনের মেয়ে নুসরাত জাহান (৪) ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। পুড়ে যায় তিনটি ঘরও। ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়।”

পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায় বলে তিনি জানান।

এদিকে সোমবার রাতে কুষ্টিয়া সদর উপজেলা, দৌলতপুর উপজেলা ও ভেড়ামারা উপজেলায় আরও তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলী সাজ্জাদ বলেন, এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টি ঘর পুড়ে গেছে। এছাড়া গোয়ালঘরে বাঁধা অবস্থায় মারা গেছে তিনটি গবাদিপশু।