গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার পোশাক কারখানায় লাগা আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সোমবার সকালে ৯টা ‘কাদের কম্পোজিট’ কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা।
রোববার রাতে ২টার দিকে ‘কাদের কম্পোজিট’ কারখানার টিনশেডের ভবনের নিচতলায় আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। পরে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর, ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনে ওই কারখানার টিনশেড ভবনটির কিছু অংশ ধসে পড়েছে উল্লেখ করে আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারখানার ভেতর সুতা, ফেব্রিক্স ও মেশিনারিজ থানায় আগুন নেভাতে সময় লেগেছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
“আগুন নেভানোর কাজ শেষ, এখন ডাম্পিংয়ের কাজ চলছে।”
