২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শরীয়তপুরে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’

শরীয়তপুরের জাজিরায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 08:06 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার উপজেলার বিলাশপুর ইউনিয়নের পাচুখার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার (ওসি) এনামুল হক জানান।

নিহত আয়েশা আক্তার ওই গ্রামের জাকির কাজীর স্ত্রী।

আয়েশার ভাই সাইফুল ইসলাম বলেন, প্রায় নয় বছর আগে প্রেমেরে সম্পর্কের জেরে জাকির কাজীর সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জাকির ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য আয়শার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

“গত ২৬ ফে্রুয়ারি যৌতুকের দাবিতে আয়শাকে নির্যাতন করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে সালিশের মাধ্যমে মীমাংসা করে আয়েশাকে বাড়ি নিয়ে যায়।”

তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুরে যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর ফের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জাকির ও তার পরিবারের লোকজন আয়শার মুখে গামছা ঢুকিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে।

“এক পর্যায়ে আয়েশার অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করলে জাকির ও তার পরিবারের লোকজন লাশ রেখে পালিয়ে যায়।”

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান।

জাজিরা থানার ওসি এনামুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টির তদন্ত করা হচ্ছে।

“ওই নারীর গলায় রশির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছে।”