যুদ্ধাপরাধ মামলার আসামি মহেশখালীর সাবেক এমপির মৃত্যু
কক্সবাজারের মহেশখালীর সাবেক সংসদ সদস্য মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মোহাম্মদ রশিদ ওরফে রশিদ মিয়া মারা গেছেন।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, মোহাম্মদ রশিদ (৯০) ঢাকায় তার মেয়ের বাসায় থাকতেন। বাধর্ক্যজনিত কারণে তিনি মাসখানেক ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী রশিদের মৃত্যুর খবর শুনেছেন জানিয়ে বলেন, “মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রশিদ বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। সত্যতা নিশ্চিত হওয়ার জন্য খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার সালেহ চৌধুরী রশিদের সম্পর্কে বলেন, রশিদ মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের নেতা ছিলেন। তিনি বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধকালে নানাভাবে যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধ করেন।
“রশিদ ও তার বাহিনীর সদস্যরা মহেশখালীতে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের লোকজন ও সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ করেন।”
২০১৪ সালের ২৫ মে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুন্যালে রশিদসহ ২১ জনের বিরুদ্ধে সালেহ চৌধুরী মামলা দায়ের করেন বলে তিনি জানান।
তিনি বলেন, “মামলায় রশিদকে ২ নম্বর আসামি হিসেবে করা হয়। গত ২০১৫ সালের মার্চে গ্রেপ্তার হওয়ার পর রশিদ বেশ কিছুদিন কারাগারে ছিলেন। বার্ধক্যজনিত কারণ বিবেচনা করে আদালত তাকে একই বছর অগাস্টে শর্তসাপেক্ষে জামিন দেয়।”
তখন থেকে রশিদ ঢাকায় তার এক মেয়ের বাড়িতে থাকতেন বলে জানান সালেহ চৌধুরী।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, রশিদ ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কক্সবাজার সদর-মহেশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
রশি জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বলেও জানান শাহজাহান।
