বাবা-মায়ের পাশে দাফন ঝন্টুকে
বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে।
শ্রদ্ধা এবং ভালোবাসায় নগরীর নূরপুর কবরস্থানে সোমবার আসরের নামাজের পর তাকে দাফন করা হয়।
এরআগে রংপুর পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজার পর ঝন্টুর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জেলা প্রশাসন ও পুলিশ।
এরআগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ঝন্টুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় । সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজার পর তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার বেলা সাড়ে ৩টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৬ বছর বয়সী ঝন্টু।
পরে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাড়ির সামনে তার মরদেহ রাখা হয়।
সিটি করপোরেশনের মেয়র হওয়ার আগে ঝন্টু রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত তিনি রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
মঙ্গলবার আসরের নামাজের পর গুপ্তপাড়ার বাসায় তার কুলখানি অনুষ্ঠিত হবে বলে তার ছেলে রিয়াজ আহমেদ হিমন জানিয়েছেন।
