২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ-ঢাকা বাস বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

শাহ্ ফতেহ আলী পরিবহনের গাড়ি নিয়ে নওগাঁ ও বগুড়ার মালিকদের দ্বন্দ্বের জেরে বগুড়ার উপর দিয়ে নওগাঁর দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বগুড়া প্রতিনিধি

নওগাঁ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 08:34 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

এ কারণে রাজশাহী হয়ে দীর্ঘ পথ ঘুরে নওগাঁর বাসগুলোকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করতে হচ্ছে। যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। 

এর জন্য নওগাঁ ও বগুড়ার পরিবহন নেতারা পরস্পরকে দোষারোপ করছেন।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার মহাখালী থেকে নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহার রুটে বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি বাস সমঝোতা চুক্তির মাধ্যমে চলাচল করছিল।

“গত মঙ্গলবার বগুড়ার শ্রমিক নেতারা ওই জেলার কাহালু এলাকায় নওগাঁর একটি বাস আটকে জোর করে যাত্রীদের নামিয়ে দেন।”

তিনি বলেন, এর প্রতিবাদে নওগাঁর শ্রমিকরা সাপাহারে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের বগুড়ার বাসটি বন্ধ কয়ে দেয়। পাল্টা বগুড়ার শ্রমিকরা নওগাঁ থেকে ছেড়ে যাওয়া সকল বাস সান্তাহারে আটকে দেয় যাতে ঢাকা যেতে না পারে।

তিনি আরও বলেন, এক পর্যায়ে গত বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় পরিবহন নেতৃবৃন্দের বৈঠকে সাপাহার থেকে উভয় পক্ষের বাস চলাচল বন্ধ থাকেবে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নওগাঁ জেলা সদর থেকে স্বাভাবিকভাবে সকল বাস চলাচল করবে বলে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে নওগাঁ থেকে স্বাভাবিকভাবে বাস চলা শুরু করে।

“কিন্ত হটাৎ শুক্রবার রাতে বগুড়ার শাহ ফতেহ আলী বাসটি সাপাহার থেকে যাত্রী উঠানোর চেষ্টা করে। এ সময় নওগাঁর শ্রমিকরা তাতে বাধা দেয়।

“এদিকে, নওগাঁ সদর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নওগাঁর বাসগুলোকে বগুড়ায় বাধা দেয় বগুড়ার শ্রমিকরা। এ কারণে শনিবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে।”

নওগাঁ মটর শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিমন হোসেন বলেন, বগুড়ার মটর মালিক-শ্রমিকদের হটকারিতার কারণে বার বার এ ধরনের ঘটনা ঘটছে। এর একটি স্থায়ী সমাধান হওয়া উচিত।

নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এই বিষয়টি নওগাঁ পরিবহন শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসনকে জানানো হয়নি। তবে বিষয়টি দ্রুত সমাধান যাতে হয় সেই চেষ্টা করা হবে।

এ ব্যাপারে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল বলেন, নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের একটি বাস বগুড়ার মালাকানাধীন ‘শাহ্ ফতেহ আলী পরিবহনের’ নামে চলছিল। কিন্তু গাড়িটি ভালো ছিল না। শাহ্ ফতেহ আলী যেহেতু অনেক ভালো সার্ভিস তাই ওই বাসটি পরিবর্তন করার কথা বললেও নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন তা করেনি।

তিনি বলেন, কিছুদিন আগে ওই গাড়িটি সড়ক দুর্ঘটনায় পড়ে। পরে বগুড়া থেকে শাহ্ ফতেহ আলীর একটি গাড়ি ওই গাড়ির পরিবর্তে দেওয়া হয়।

“কিন্তু গাড়িটি নওগাঁ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় যাত্রী নামিয়ে নেওয়া হয় নওগাঁয়। এর প্রতিবাদে বগুড়ার উপর দিয়ে নওগাঁর গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”

বগুড়ার শাহ্ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওগাঁর শ্রমিক ইউনিয়নের গাড়িটি চলাচলের অযোগ্য ছিল। বার বার বলার পরও গাড়িটি ঠিক করেনি। কিন্তু শাহ্ ফতেহ আলীর একটি সুনাম রয়েছে। তাই নওগাঁ থেকে গত ২১ ফেব্রুয়ারি শাহ ফতেহ আলীর একটি গাড়িতে ওই রুটে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে নওগাঁর শ্রমিক ইউনিয়ন গাড়ি থেকে যাত্রী নামিয়ে নেয়।

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের নাছিমা খাতুন ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন।

তিনি বলেন, “রোববার বিকালে কাজে যোগ দিতে হবে; কিন্তু বাসের অগ্রিম টিকিট কেটে রোববার সকালে কাউন্টারে এসে শুনি কোনো বাস ঢাকা যাবে না। চরম বিপাকে পড়েছি। ভেঙে ভেঙে ঢাকায় যাব তারও কোনো উপায় নেই; কারণে সঙ্গে ছোট বাচ্চা আছে।”

একই কথা বলেন আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন।

এদিকে, ট্রেনের টিকিট সীমিত। ২/১ দিনের মধ্যে বিষয়টি নিরসন না হলে অনেককে বিপাকে পড়তে হবে জানান নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নাজমুল হক।