২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করবে: হানিফ

আন্দোলনের নামে দেশে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইলে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 06:33 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

রোববার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

‘বর্তমান সরকার পুলিশের ওপর ভর করে টিকে আছে’ বিএনপি এমন মন্তব্য করেছে উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, “নাশকতা-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে পুলিশ যখনই সোচ্চার হয় তখনই বিএনপি এ ধরনের কথাবার্তা বলে।”

তিনি বলেন, পুলিশের কাজই হচ্ছে আইনশৃঙ্খলা ও মানুষের যানমাল রক্ষা করা। পুলিশ সেটাই করছে।

এতিমের টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়া দণ্ডিত হয়েছেন স্মরণ করিয়ে দিয়ে হানিফ বলেন, “আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে কাউকে কারাগার থেকে মুক্ত করা সম্ভব নয় জেনেও যারা তথাকথিত আন্দোলনের নামে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাদের বিরুদ্ধে যা করণীয় পুলিশ তাই করবে। এ ক্ষেত্রে পুলিশ বা সরকারকে দোষারোপ করার কোনো যৌক্তিকতা নেই।”

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান।