২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অপহৃত শিশু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহরণের একদিন পর আড়াই বছর বয়সী এক শিশুকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব।      

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 02:39 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

কুষ্টিয়া র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের এএসপি হুমায়ন কবীর সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

উদ্ধার আবুবক্কর কুমারখালী উপজেলার দুর্গাপুর এলাকার বাচ্চু শেখের ছেলে।

আটককৃতরা হলেন- গোয়াবাড়িয়া গ্রামের নাসিরুল ইসলাম ও দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের আবুল হোসেনর ছেলে জহুরুল ইসলাম।

র‌্যাব কর্মকর্তা হুমায়ন বলেন, রোববার দুপুরে আবুবক্করকে বাড়ি থেকে অপহরণ করা হয়। পরদিন দুপুরে অপহরণকারীরা ছেলেটির পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আবু বক্করের পরিবারের লোকজন র‌্যাবের কাছে অভিযোগ করলে র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে।

পরে আমলা পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় নাসিরুলের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও নাসিরুলকে আটক করা হয় বলে জানান তিনি।

আমলা পুলিশ ক্যাম্পের এসআই আলী ইমরান বলেন, নাসিরুলে দেওয়া তথ্যে আমলা বাজার থেকে জহুরুল ইসলামকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।