ফেনীতে কভার্ডভ্যানে আগুন: বিএনপির ৩৩ জনের বিরুদ্ধে মামলা
ফেনীতে খাদ্যপণ্য বহনকারী একটি কভার্ডভ্যানে ‘পেট্রোল ঢেলে’ আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, রোববার রাতে দায়ে করা এ মামলায় কভার্ডভ্যান চালক ফারুক ও তার সহকারী হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার গভীর রাতে আবুল খায়ের গ্রুপের পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বিরতি নেওয়ার জন্য রামপুর রাস্তার মোড়ের জব্বার মার্কেটের সামনে দাঁড়ালে চার-পাঁচ জন যুবক পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয় চালক হাসানের জানিয়েছিলেন।
পরিদর্শক শহীদুল বলেন, বিশেষ ক্ষমতা আইনে রোববার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে ফেনী মডেল থানার এসআই মো. আলমগীরের করা ওই মামলায় অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল, বিএনপি নেতা রিশাদ রয়েছেন।
ওই দিন ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, তাদের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেলেও পণ্যের তেমন ক্ষতি হয়নি।
