২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

নির্যাতন-নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 04:11 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

শনিবার দুপুর পৌনে ২টায় তিনি কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।

এরপর বরিস জনসন কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুমের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন।

কক্সবাজার পুলিশের এএসপি (উখিয়া সার্কেল) কাইহ্লাউ মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পে বরিস জনসন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা তার কাছে মিয়ানমারে সংঘটিত নির্যাতন-নিপীড়নের বর্ণনা তুলে ধরেন।

কাইহ্লাউ আরও জানান, সেখান থেকে ব্রিটিশ মন্ত্রী উখিয়ার বালুখালী ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় বরিস জনসন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ-সুরক্ষিত পরিবেশ সৃষ্টি করে অবিশ্বাস্য কাজ সম্পন্ন করেছ।

“আমরা যুক্তরাজ্য থেকে এ পর্যন্ত প্রায় ৫৯-৬০ মিলিয়ন পাউন্ডের সামান্য অর্থ সহায়তা দিয়েছি।”

তবে এ সহায়তা এসব মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে মিয়ানমারে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য একটি অবস্থা সৃষ্টি করতে বাংলাদেশকে সহায়তা করবে বলে তিনি মনে করেন।

বেলা সোয়া ১২টায় বিমাবযোগে তিনি ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেন।

পরিদর্শনকালে তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও ছিলেন।

শুক্রবার বিকালে বাংলাদেশ সফরে আসেন বরিস জনসন। শনিবার রাতে তার মিয়ানমারে যাওয়ার কথা রয়েছে।

মিয়ানমারে সেনাবাহিনীর সহিংসতার মুখে গত ২৫ অগাস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসা সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনে গত মাসে মিয়ানমারের সঙ্গে চুক্তি করে সরকার।

এরপর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করলেও প্রত্যাবাসন ‘দ্রুত করার পক্ষে’ মত দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জনসন।