অধ্যক্ষের অপসারণ চেয়ে কারমাইকেলে শিক্ষকদের বিক্ষোভ
রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছেন শিক্ষক ও কর্মচারীরা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ মিঞা। তিনি শিক্ষামন্ত্রীর ছোট ভায়রা।
বেলা ১২টার দিকে সরেজমিন দেখা গেছে, শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। বন্ধ রয়েছে ক্লাস। সকাল থেকে ক্যাম্পাসে ছিলেন না অধ্যক্ষ লতিফ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজামান বলেন, “অধ্যক্ষ আব্দুল লতিফ একতরফা ক্ষমতার অপব্যবহার করে সব সিদ্ধান্ত নেন। তিনি গত বৃহস্পতিবার একটি সেমিনারে আমাকে নিয়ে এবং নানা সময় অন্য শিক্ষক ও কর্মচারীদের কটূক্তি করেন।”
“এ ঘটনায় আমরা কর্মচারীদের নিয়ে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।”
সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, “উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক এ পদে বসতে না পেরে তিনি এসব করাচ্ছেন।”
উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সহ-সভাপতি।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, “অনিয়ম ও অসদাচারণের বিষয় ঢাকতে এসব বলছেন। আমার চাকরির মেয়াদ মাত্র ছয় মাস আছে, আমি কেন এসব করব।”
