উত্ত্যক্তের প্রতিবাদ করায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
মাগুরায় সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক দাখিল পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে কয়েকজন যুবক।
বুধবার সকালে দাখিল পরীক্ষা শুরুর আগে মাগুরা শহরে এ ঘটনা ঘটে এবং জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান।
আহতরা হলেন দাখিল পরীক্ষার্থী আশিকুর রহমান এবং ইজিবাইক চালক মিরাজুল ইসলাম।
অশিকুরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিরাজুলকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সহপাঠীরা পরীক্ষায় অংশ নিতে পারলেও আশিকুরের পরীক্ষা দেওয়া হয়নি। বুধবার সকাল ১০টা থেকে দাখিলের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ছিল।
সদরের জগদল রুপাটি আলিম মাদ্রাসা সুপার আলমগীর হোসেন জানান, সকালে একটি ইজিবাইকে করে তার মাদ্রাসার চার ছাত্র ও চার ছাত্রী মাগুরায় সিদ্দিকীয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিতে যচ্ছিলেন।
পথে শিমুলিয়া এলাকা থেকে কয়েকজন ‘বখাটে যুবক’ অপর একটি ইজিবাইকে তাদের পিছু নেয় বলে আলমগীর জানান।
তিনি বলেন, ‘বখাটেরা’ ইজিবাইকে থাকা শিক্ষার্থীদের নানা অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় দাখিল পরীক্ষার্থী আশিকুর ও তার সহপাঠীরা প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীরা তাদের মাগুরা শহরে পৌঁছালে দেখে নেওয়ার হুমকি দেয়।
মিরাজুল ইসলাম
তিনি আরও জানান, অহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অশিকুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
বাকি সাতজন পরীক্ষায় অংশ নিতে পারলেও আশিকুরের পরীক্ষা দেওয়া হয়নি বলে জানান আলমগীর।
মাগুরা সদর হাসপাতালের পরিচালক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান, আশিকুরের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, পুলিশ এ হামলায় জড়িত অভিযোগে শহরের ভায়না এলাকার সিন্দবাদ নামে এক যুবককে আটক করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
