২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে সুইস প্রেসিডেন্টের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 03:12 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

সোমবার বেলা ১১টায় সড়ক পথে তিনি স্মৃতিসৌধে পৌঁছালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, স্থানীয় সাংসদ এনামুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন ও পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান তাকে স্বাগত জানান।

রোহিঙ্গাদের পরিস্থিতি নিজে চোখে দেখতে এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রোববার চার দিনের সফরে ঢাকায় আসেন প্রেসিডেন্ট বেরসে। দেশটির কয়েকজন মন্ত্রী তার সঙ্গে এসেছেন।

প্রেসিডেন্ট বেরসে প্রায় ২০ মিনিট সৃতিসৌধে অবস্থান করেন।স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেয়। পরে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট বেরসে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন।

পরে ঢাকায় ফিরে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন করেন বেরসে।    

গত অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী দমন অভিযানে নামলে কয়েক দশকের পুরনো রোহিঙ্গা সঙ্কট নতুন মাত্রা পায়। এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর আগে ডিসেম্বেরে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম,দেশটির ফার্স্ট লেডি এমাইন এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু সেপ্টেম্বরে এবং চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যান।

রোহিঙ্গাদের মুখ থেকে তাদের দুর্দশার কথা শুনতে এবার সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বেরসে এলেন। বাংলাদেশে কোনো সুইস রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম সফর।