কুষ্টিয়ায় ওসির বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ
কুষ্টিয়ায় দৌলতপুর থানার ওসির বিরুদ্ধে এক ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
দৌলতপুর বিচারিক হাকিম আদালতের জিআরও জাহিদ হোসেন জানান, দৌলতপুর উপজেলার কারীতলা গ্রামের সফির উদ্দিন বিশ্বাসের ছেলে জিয়াউর রহমান সোমবার মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত বছর ২৭ জুন রাত ৮টায় পারিবারিক কলহ নিষ্পত্তির কথা বলে দৌলতপুর থানায় ডেকে পাঠান ওসি শাহ দ্বারা খান। কিন্তু তিনি সমস্যা সমাধান না করে আচমকা থানার এক পুলিশ সদস্যকে হুকুম দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে হাজতে ঢুকিয়ে দেন।
“এরপর ওসি ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়া হবে বলে হুমকি দেন। উপায় না পেয়ে প্রাণ বাঁচাতে পরিবারের লোকজন ডেকে এনে ওসি দ্বারা খানকে ঘটনার দিন রাত সাড়ে ১১টায় ২০ হাজার টাকা এবং পরদিন ২৮ জুন বেলা ১২টায় বাকি টাকা পরিশোধ করে রেহায় পাই।”
ওসির সঙ্গে টাকা লেনদেনের পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও প্রত্যক্ষদর্শী সাক্ষীসহ আদালতে হাজির করা হয়েছে বলে জানান মামলার বাদী জিয়াউর রহমান।
এ বিষয়ে ওসি শাহ দ্বারা খান বলেন, “গত বছরের জুন মাসের ঘটনা উল্লেখ করে এত দিন পর মামলা করেছে। এমন বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। দেখি আসলে ঘটনা কী। খোঁজখবর নিচ্ছি।”
