রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের
মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
রোববার দুপুরে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে একথা জানান তিনি।
এসময় তিনি বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে কথা বলেন। তাদের স্বাস্থ্য, চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শুনেন।
রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস ও মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
গত অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী দমন অভিযানে নামলে কয়েক দশকের পুরনো রোহিঙ্গা সঙ্কট নতুন মাত্রা পায়। এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও জরুরি সহায়তা দিয়ে যে ভূমিকা বাংলাদেশ রেখেছে, তার প্রতি সংহতি জানিয়ে গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে বাংলাদেশে পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট উইদোদো।
এবার তিনি নিজেই এসেছেন রোহিঙ্গাদের মুখ থেকে তাদের দুর্দশার কথা শুনতে।
এরআগে রোববার বেলা সোয়া ১টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন উইদোদো। সেখান থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে। তার সফরসঙ্গী হিসেবে আছেন ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো উইদোদোসহ একাধিক মন্ত্রী।
তাছাড়া তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী, জাতিসংঘের শরণাথী বিষয়ক হাই কমিশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রতিনিধিরা।
