সেতুটা হেলে পড়ল উদ্বোধনের আগেই
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় উদ্বোধনের আগেই প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬০ ফুট দৈর্ঘ্যরে একটি সেতু হেলে পড়েছে; ফাটল ধরেছে কয়েক জায়গায়।
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ করে এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ফুলকি ইউনিয়নের ফুলকি-ফুলবাড়ি সড়কে নিরাইল টেংরাখালী এলাকায় প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। মাস তিনেক আগে ৬০ ফুট দৈর্ঘ্যরে এই সেতুটি নির্মাণ করে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা গেছে, সেতুটি একদিকে হেলে পড়েছে। কোথাও কোথাও ভেঙে খোয়া উঠে গেছে।
টেংরাখালীর বাসিন্দা বাবুল মিয়ার অভিযোগ, সেতুটি নির্মাণের সময় ঠিকাদারকে দেখা যায়নি। ধানকাটা শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।
প্রকল্প কর্মকর্তার উদাসীনতা ও গাফিলতির কারণে সেতুটির এই অবস্থা বলে এলাবাসীর অভিযোগ।
তবে প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত অভিযোগ অস্বীকার করে বলেন, “বর্ষা মৌসুমে পানির স্রোতের কারণে এ অবস্থা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
“সেতুটি ভেঙে পড়ায় উপজেলা সদরের সঙ্গে এলাকার ১৫ গ্রামের মানুষের সড়ক যোগাযোগের স্বপ্ন মাঠে মারা পড়ল,” বললেন ফুলকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল।
আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বললেন, “ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
