অস্ত্র মামলায় গাংনীর মেয়রের ১০ বছর কারাদণ্ড
একটি অস্ত্র মামলায় মেহেরপুরের গাংনী পৌরমেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলাম ভেন্ডারীকে দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এসএম তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
এ সময় দণ্ডিত মেয়র আশরাফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৭ মে গাংনী আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সময় মেয়র আশরাফুল ইসলাম আওয়ামী লীগের একাংশের নেতৃত্ব দিয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনকে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হুককি দেন।
পরে গাংনী ত্রিমোনি মোড়স্থ মেয়র আশরাফুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে গাংনী থানায় মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করে।
মামলায় আসামির আইনজীবী ছিলেন আব্দুল মতিন ও রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন এপিপি রুস্তুম আলী।
মেয়র আশরাফুল ইসলামের স্ত্রী মেহেরপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহানা ইসলাম শান্তনা বলেন, “২০১২ সালে র্যাব ষড়যন্ত্র করে আমার স্বামী আশরাফুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে অস্ত্র রেখে মিথ্যা মামলা সাজিয়ে তাকে গ্রেপ্তার করেছিল।”
তিনি উচ্চ আদালতে যাবেন বলেও জানান।
এদিকে গাংনী উপজেলা যুবলীগ ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সমিতি সাজাপ্রাপ্ত মেয়রের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।
এর অংশ হিসেবে রোববার রাতে গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ কর্মীরা।
