২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় রিকশার চালক-আরোহী নিহত

ঠাকুরগাঁও শহরে ট্রাকের ধাক্কায় একটি রিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 05:32 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

শনিবার দুপুরে বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কফিল উদ্দীন জানান।

নিহতরা হলেন শহরের নিশ্চিন্তপুরের প্রয়াত গাওসুল আজমের ছেলে শোভন (২৪) ও রিকশা চালক (৩০)। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। 

এ ঘটনায় ট্রাকের হেলপার তোয়াবুর রহমানকে (৩৫) আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক কফিল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের বাসস্ট্যান্ড থেকে শোভন রিকশায় বাড়িতে যাচ্ছিলেন।

“পথে বিজিবি ক্যাম্পের সামনে পঞ্চগড় থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শোভন মারা যান।”

ওসি বলেন, পরে ট্রাকটি না থেমে রিকশাটিসহ তার চালককে টেনেহিঁচড়ে প্রায় তিন কিলোমিটার দূরে খোচাবাড়ি এলাকায় নিয়ে যায়। এরপর রিকশাচালকেরও মৃত্যু।

পরে স্থানীয়রা ট্রাকসহ হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কফিল উদ্দীন।