নারায়ণগঞ্জে শ্রমিককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদরে ইটভাটার এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, শুক্রবার উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি ইটভাটা থেকে দেলোয়ার হোসেন (৩৫) নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
দেলোয়ার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামের প্রয়াত আলম মিয়ার ছেলে। তার লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি কামাল বলেন, স্থানীয়দের দেওয়া খবরে দুপুরে রাজাপুর গ্রামের আশিকের ইটভাটার পাশ থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়। তার বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার পর থেকে ওই ইটভাটার মালিক ও শ্রমিকদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
