গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত সাত জন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, শুক্রবার দুপুরে নিশ্চিতপুর ফাউগান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
নিহত মো. ফকির আলী (২৩) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরমুহুরী হাটের আবুল কাসেমের ছেলে এবং ওই ভবনের নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক।
আহত দিনাজপুরের রহিম বাদশা (২৫), একই জেলার মাহিদুল (২৫) ও মিন্টু (২২) এবং জামালপুরের ইকবাল হোসেনকে (১৭) শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সমস্য মো. ইজ্জত আলী খান জানান, ফাউগান এলাকায় একটি রিসোর্টের নির্মাণ কাজ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণাধীন ভবনটি দোতলার একাংশ ধসে পড়ে এবং নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়েন।
খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এ যাবত গুরুতর আহত অবস্থায় অন্তত সাত জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান তিনি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, আহতদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছয় সদস্যের তদন্ত কমিটি গঠিত
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তারা ভবনটি ধসে পড়ার কারণ, এ ঘটনার জন্য কারা দায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য করণীয়গুলো চিহ্নিত করবেন বলে জেলা প্রশাসক জানান।
হুমায়ুন কবির আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়াও আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা প্রশাসন।
