রাজশাহীতে তরুণীকে অপহরণের অভিযোগ
রাজশাহীতে সদ্য বিবাহিত এক তরুণীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান, মেয়েটির স্বামী বাদি হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, মেয়েটির (২০) বাড়ি নগরীর শালবাগান এলাকায় এলাকায়। তিনি নিউমার্কেটের পাশের একটি কোচিং সেন্টারের শিক্ষিকা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই কোচিং সেন্টার থেকে বের হওয়ার পর মেয়েটিকে অপহরণ করা হয় বলে তার স্বামী জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার পরিবারের সম্মতিতে শালবাগান এলাকায় তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার স্ত্রী কোচিং সেন্টারে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পেয়ে তাকে এসএমএস পাঠান তিনি।
“রাত ৯ টার দিকে আমার স্ত্রী ফোন করে জানায় শাখাওয়াত হোসেন শিশির নামে এক ব্যক্তি মাইক্রোবাসে করে তাকে উঠিয়ে নিয়ে গেছে।”
এরপর থেকে স্ত্রীর মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানান তিনি।
মেয়েটির বাবা বলেন, বৃহস্পতিবার রাত ৭টার পর থেকে তার মেয়ের মোবাইল ফোন বন্ধ পান তারা। বিভিন্ন জায়গা খোঁজ করেও তার কোনো হদিস না মেলায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওসি আমান উল্লাহ বলেন, মামলায় শিশির নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহফুজকে দেওয়া হয়েছে।
সেই সঙ্গে মেয়েটিকে দ্রুত উদ্ধারে পুলিশ চেষ্টা করছে বলে জানান তিনি।
