‘জমি ভরাটে বাধা দেওয়ায়’ যুবককে কুপিয়ে হত্যা, আটক ৫
নারায়ণগঞ্জে ‘কৃষি জমি ভরাটে বাধা দেওয়ায়’ এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় বুধবার রাতে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলী (২৬) পিরোজপুর ইউনিয়নের শাহ্পুরের আরজান আলীর ছেলে।
এ ঘটনায় মোশারফ হোসেন নামের স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
পরিদর্শক জব্বার জানান, ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের পাশে ভবনাথপুর, ছয়হিস্যা, রতনপুর মৌজায় ‘ইউনিক গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান সোনারগাঁও রিসোর্ট সিটি নামে বালু ভরাটের কাজ চলছে। বালু ভরাটের দেখভালের ঠিকাদারী কাজ পান স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম।
“মাসুমের পক্ষে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেনসহ কয়েকজন বালু ভরাটের কাজ দেখাশোনা করেন।”
এলাকাবাসীর বরাত দিয়ে পরিদর্শক জব্বার জানান, কৃষিজমি ভরাটের প্রতিবাদ করে আসছিল স্থানীয়রা। তারা কয়েক দফা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে। এ আন্দোলনে সামনের কাতারে ছিলেন মোহাম্মদ আলী।
“এর জেরে বুধবার রাত ১২টার দিকে কান্দারগাঁও নানির বাড়ি থেকে ইউপি সদস্য মোশারফ ও তার লোকজন মোহাম্মদ আলীকে ডেকে ভবনাথপুর বালু ভরাটের জায়গায় নিয়ে যান। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন তারা।”
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলীর মামা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, ভবনাথপুর এলাকায় তার পৈতৃক জমিসহ অন্যান্য কৃষকের জমিতে বালু ভরাটের কাজ করছে ইউনিক গ্রুপ।
“বালু ভরাট কাজে বাধা দেওয়ায় আমার ভাগ্নে মোহাম্মদ আলীকে মোশারফ মেম্বার ও তার লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে জানায় যে সে ইউপি সদস্য মোশারফকে চিনতে পেরেছে।”
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জাকির।
