হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয় বলে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান।
আহতদের মধ্যে তাহের আলী (৬০), ছিফত আলী (৬২), শের আলী (৪০), আউয়াল মিয়া (৫০), কাইয়ুম মিয়া (৩২) ও রহমত আলীসহ (৪৫) সাতজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি মোজাম্মেল বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে আমির আলীর ছেলে শের আলীর সঙ্গে স্থানীয় আব্দুর নূরের ছেলে আউয়াল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে সোমবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান তিনি।
ওসি বলেন, এ সময় উভয় পক্ষের বিশ জন আহত হন; তাদের মধ্যে তাহের, ছিফত, শের আলী, আউয়াল, কাইয়ুম ও রহমতকে টেটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন কোনো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
